গৃহে চুরির ঘটনায় হালিশহর থানার পুলিশের বড় সাফল্য
গত ২১.০৫.২০২৬ তারিখে হালিশহর থানার অন্তর্গত পাবনতলা বারুইপাড়া স্কুলের সামনে অবস্থিত একটি বসতবাড়িতে সংঘটিত হয় একটি দুঃসাহসিক চুরির ঘটনা। অপরাধের প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা বাড়িতে স্থাপিত সিসিটিভি ব্যবস্থার ডিজিটাল ভিডিও রেকর্ডার (DVR)-টিও চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরিপ্রেক্ষিতে হালিশহর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য এবং ধারাবাহিক তদন্তের ভিত্তিতে হালিশহর থানা এই ঘটনায় জড়িত এক অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে গলিত অবস্থায় থাকা প্রায় ৫.৫ গ্রাম সোনা, প্রায় ১৫৪ গ্রাম রুপো এবং সিসিটিভি DVR টি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি স্বীকার করে যে চুরি হওয়া গয়নার পরিচয় গোপন এবং অপরাধের প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে সে সেগুলি গলিয়ে ফেলেছিল।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।